Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

নানা কর্মসূচির মধ্য দিয়ে টঙ্গিবাড়ীতে হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:২৫ পিএম  (ভিজিটর : ১০৫)

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ১৫ নভেম্বর, টঙ্গিবাড়ী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল টঙ্গিবাড়ী। মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার মধ্যে টঙ্গিবাড়ীই সর্বপ্রথম শত্রুমুক্ত হওয়ার গৌরব অর্জন করে।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দিবসটি উপলক্ষে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ঐতিহাসিক এ দিনটি টঙ্গিবাড়ীবাসীর কাছে বিশেষ গৌরব, আবেগ ও অহংকারের। ১৯৭১ সালের ১৪ নভেম্বর দিবাগত রাতে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে টঙ্গিবাড়ী থানা ও রাজাকারদের ঘাঁটি ঘিরে আক্রমণ চালান। রাতভর তীব্র সংঘর্ষের পর ১৫ নভেম্বর ভোরে হানাদার বাহিনী ও রাজাকারদের পরাজিত করে টঙ্গিবাড়ীকে শত্রুমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

এ সময় টঙ্গিবাড়ী থানা ভবন এবং টঙ্গিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থান নেওয়া রাজাকারদের ঘাঁটি দখলে নেন মুক্তিযোদ্ধারা। ওই সম্মুখযুদ্ধে রাজাকার কমান্ডার রব বেপারী নিহত হন। পরাজিত হানাদার বাহিনী ও রাজাকাররা রিকাবী বাজার এলাকা দিয়ে ধলেশ্বরী নদী পার হয়ে নারায়ণগঞ্জের দিকে পালিয়ে যায়।

টঙ্গিবাড়ী শত্রুমুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধা ইসলামের নেতৃত্বে থানা ভবনে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। টঙ্গিবাড়ী মুক্ত হওয়ার এ ঐতিহাসিক খবর বিবিসির সংবাদেও প্রচারিত হয়েছিল।

প্রতি বছর ১৫ নভেম্বর দিনটি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন টঙ্গিবাড়ীর সর্বস্তরের মানুষ। স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রায় এক মাস আগেই টঙ্গিবাড়ীর এই বিজয় মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে আছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণে দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝