দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক মালয়েশিয়াপ্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা, বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সাইফুদ্দিন তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সেই থেকে রফিকুল নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন। তবে তিনি নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতেন।
নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে রফিকুল খাবার খেতে না আসায় তাঁকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু ফোনে যোগাযোগ করতে না পেরে তিনি ভাইয়ের খোঁজ নিতে তাঁর বাড়িতে যান। সেখানে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে আশপাশে এবং বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে বাড়ির দরজার সামনে ফিরে আসেন। এ সময় সেখানে ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (বিরামপুর-নবাবগঞ্জ সার্কেল) হারেজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। হত্যার পেছনের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এফপি/মিব