দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) পটুয়াখালী ইপিজেডের নির্মাণকাজের অগ্রগতি এবং দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা বন্দরের সার্বিক অবস্থা, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে পটুয়াখালীতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পটুয়াখালীকে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক ও শিল্পায়নকেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইপিজেড ও পায়রা বন্দরের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দক্ষিণাঞ্চলে কাঙ্ক্ষিত শিল্পায়ন গড়ে ওঠেনি। ফলে এ অঞ্চলের বিপুলসংখ্যক শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবক বেকারত্বের শিকার হচ্ছেন। পটুয়াখালী ইপিজেড ও পায়রা সমুদ্রবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং রাজধানীমুখী হওয়ার প্রবণতা কমবে।
সভায় জানানো হয়, পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ৪১০ দশমিক ৭৮ একর জমির ওপর ইপিজেডটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটিতে ৩০৬টি শিল্প প্লট তৈরির পরিকল্পনা রয়েছে। অনুমোদিত প্রকল্প ব্যয় ১ হাজার ৪৪২ কোটি ৭৮ লাখ টাকা। প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। ইতোমধ্যে বিনিয়োগকারীদের জন্য ৬০টি শিল্প প্লট প্রস্তুত করা হয়েছে।
প্রকল্প এলাকায় ভূমি উন্নয়ন ও ৪ দশমিক ৪০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক, ড্রেন, কালভার্ট, প্রশাসনিক ভবন, কারখানা ভবন, আবাসিক ভবন, সীমানাপ্রাচীর এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোর নির্মাণকাজ এগিয়ে চলছে।
সভায় আরও জানানো হয়, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরের কাছাকাছি অবস্থান এবং ভৌগোলিক সুবিধার কারণে পটুয়াখালী ইপিজেডে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়া ও চীনের বিনিয়োগকারীরা এ অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।
ইপিজেডে হালকা প্রকৌশল, আসবাবপত্র, খাদ্য ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি খাতের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী, পূর্ণাঙ্গভাবে চালু হলে পটুয়াখালী ইপিজেডে প্রায় ১ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বছরে প্রায় ১ দশমিক ৮৩৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। এ প্রকল্পে প্রত্যক্ষভাবে প্রায় এক লাখ এবং পরোক্ষভাবে আরও দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। এতে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের বেকার যুবক ও শ্রমজীবী মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সভায় ইপিজেড ও পায়রা বন্দরের সম্ভাবনার পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জও তুলে ধরা হয়। বক্তারা বলেন, পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে নিয়মিত রক্ষণাবেক্ষণ ড্রেজিং না হওয়ায় নাব্যতা সংকট তৈরি হয়েছে। এতে বড় জাহাজ চলাচল ও বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক চার বা ছয় লেনে উন্নীত করা না হলে ইপিজেডের পণ্য পরিবহনে ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে।
সভায় বক্তব্য দেন পটুয়াখালী ইপিজেডের প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, ডেপুটি ডিরেক্টর হাকিমুদ জামান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজেদুল ইসলাম সজল, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, মাকসুদুর রহমান বায়জিদ পান্না, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন এবং গণদাবি পত্রিকার প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়াসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও জেলার গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, পটুয়াখালীর পায়রা বন্দর ও ইপিজেড এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে। তবে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও যোগাযোগের ঘাটতির কারণে বিভিন্ন অভিযোগ ও অসন্তোষ তৈরি হয়েছে।
তিনি বলেন, এ ব্যবধান দূর করতে স্থানীয় অংশীজনদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সভার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করে পটুয়াখালীর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, পটুয়াখালী ইপিজেডের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে এবং স্থানীয় যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে উপকূলীয় এ অঞ্চলে বেকারত্ব হ্রাস ও শিল্পায়নের নতুন দ্বার উন্মোচিত হবে।
এফপি/মিব