খুলনা জেলখানা ঘাটের নৌকার মাঝি পারভেজ হাওলাদার (২৮)। বাড়ি নগরের সেনের বাজার এলাকায়। নদী ও জীবিকার সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, ‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নেই। আগে এই নদীতে মাছ পড়ত। এখন শুধু খেয়া চালিয়ে বেঁচে আছি। নদী বাঁচানোর জন্যই এখানে এসেছি। আমরা নদীতে ভালো পানি চাই, বেশি বেশি মাছ চাই, যাতে কাজ করে বাঁচতে পারি। লেখাপড়া জানি না, কিন্তু কষ্ট তো বুঝি।
জলবায়ু ন্যায্যতা, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়ন, অভিযোজন সহায়তা এবং উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন ও খালি কলস প্রদর্শনীতে অংশ নিয়ে এসব কথা বলেন পারভেজ।
শুধু পারভেজ নন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে খুলনার প্রাণ ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করা হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরাম (সিএএফ) খুলনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নৌকার ওপর দাঁড়িয়ে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা ও অব্যাহত কার্বন নিঃসরণের ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীর নাব্যতা হ্রাস, গতিপথ পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত বিপন্ন করছে।
বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা, জীবিকার অনিশ্চয়তা এবং পরিবেশগত বিপর্যয়ের মতো বহুমাত্রিক সমস্যার মুখোমুখি হচ্ছেন।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন কিংবা বৈশ্বিক উষ্ণায়নের জন্য বাংলাদেশ তথা উপকূলীয় অঞ্চলের মানুষ দায়ী নন। অথচ তাঁদেরই প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি বহন করতে হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে তা পৌঁছে দিতে হবে। এটি কোনো দান, ঋণ বা অনুদান নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে।
ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি কৌশিক দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম মণ্ডলের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানান নারী নেত্রী সিলভি হারুন, জ্যেষ্ঠ সাংবাদিক মো. হেদায়েত হোসেন মোল্লা, সাংবাদিক আনিসুর রহমান কবির ও হুমায়ূন কবির, তরুণ নেতা তাসমিন জেরিন, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুন্ডু, প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার লিনা এবং প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. শওকত হোসেন প্রমুখ।
কর্মসূচিতে নৌকার ওপর খালি মাটির কলস, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদীভাঙন, নদীর নাব্যতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, নদী বাংলাদেশের জীবন, জীবিকা, অর্থনীতি ও পরিবেশের অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নদী ব্যবস্থাপনা, পলি জমা এবং অন্যান্য মানবসৃষ্ট কারণে দেশের অনেক নদী নাব্যতা হারাচ্ছে। এতে নৌ-চলাচল, কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং নদীনির্ভর জনগোষ্ঠীর জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাঁরা আরও জানান, কর্মসূচিতে ব্যবহৃত নৌকাটি নদীনির্ভর মানুষের জীবন, জীবিকা, পরিবেশ ও উপকূলীয় জনগোষ্ঠীর অস্তিত্বের প্রতীক। অন্যদিকে খালি মাটির কলস উপকূলীয় মানুষের সুপেয় পানির সংকট ও দীর্ঘদিনের বঞ্চনার প্রতীক হিসেবে প্রদর্শন করা হয়েছে। উপকূলজুড়ে পানি থাকলেও পানযোগ্য পানির তীব্র সংকট রয়েছে। নদীর কাছাকাছি বসবাস করেও মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত—এ বাস্তবতা তুলে ধরতেই খালি কলস প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এফপি/মিব