Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

আদমদীঘিতে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম  (ভিজিটর : ১৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে জিনের বাদশা পরিচয়ে স্বর্ণের মূর্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে মজনু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর কাছ থেকে দেড় লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়ার পর আরও টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

গত শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে আদমদীঘি উপজেলা পরিষদ মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মজনু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ২টার দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা আজাহার আলী মোল্লার স্ত্রীর মোবাইল ফোনে একটি কল আসে। এ সময় ফোনকারী নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে তাঁর স্বামীর সঙ্গে কথা বলতে চান।

পরে আজাহার আলীর সঙ্গে কথা বলে তাঁকে স্বর্ণের মূর্তি দেওয়ার প্রলোভন দেখানো হয়। এ জন্য পবিত্র কোরআন শরিফ ও জায়নামাজ কেনার কথা বলে প্রথমে বিকাশের মাধ্যমে ২ হাজার ৫৫০ টাকা নেওয়া হয়। এরপর উট কোরবানি দেওয়ার কথা বলে আরও ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করা হয়। ওই টাকা আদমদীঘি উপজেলা পরিষদ মসজিদের পেছনে একটি কড়ইগাছের নিচে নিয়ে যেতে বলা হয়।

এজাহার সূত্রে আরও জানা যায়, গত ১২ নভেম্বর বিকেল ৪টার দিকে আজাহার আলী সেখানে টাকা নিয়ে গেলে কথিত জিনের বাদশা পরিচয়দানকারী মজনু মিয়া কৌশলে তাঁর কাছ থেকে আরও টাকা হাতিয়ে নেন। পরে কাগজে মোড়ানো একটি পুতুল দিয়ে বলা হয়, কোরবানির ঈদের আগে এটি খুললে স্বর্ণালংকার পাওয়া যাবে না। এ জন্য তাঁকে আরও টাকা দিতে হবে। একপর্যায়ে স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে আসার জন্যও চাপ দেওয়া হয়।

বিষয়টি সন্দেহজনক মনে হলে আজাহার আলী তাঁর বন্ধুদের সঙ্গে আলোচনা করেন। পরে গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে অবশিষ্ট টাকা নেওয়ার জন্য মজনু মিয়া আবার আদমদীঘিতে এলে আজাহার আলী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মজনু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝