চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাসুদ রানা নামে এক যুবককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন জানান, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের তৃতীয় তলার ছাদে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ রানা। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাসুদ রানা। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা একই বছরের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
এফপি/মিব