Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পোশাক কারখানার মালিক গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম  (ভিজিটর : ৫৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ নামের একটি পোশাক কারখানার মালিকের ব্যক্তিগত অফিসকক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা।

এজাহারে উল্লেখ করা হয়, কারখানার মালিক আনোয়ার মাঝি অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে ওই কক্ষের ভেতরে আটকে রাখা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করেন।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীর মা হালিমা খাতুন (৪৯) প্রায় দুই মাস ধরে ওই কারখানায় কাজ করছিলেন। মায়ের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাঁর মেয়েকে মালিকের ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য রাখা হয়েছিল।

এ ঘটনায় গত ১৩ নভেম্বর কিশোরীর মা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। এদিকে, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝