Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

১১৫ বছর বয়সী বারী পেলেন সরকারি সহায়তায় নতুন ঘর ও আসবাবপত্র

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ৬:৩৯ পিএম  (ভিজিটর : ৯৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের শতবর্ষী আব্দুল বারী অবশেষে পেলেন মাথা গোঁজার নতুন ঠিকানা। সরকারি সহায়তায় তাঁর জন্য নির্মাণ করা হয়েছে শোবার ঘর, রান্নাঘর ও বাথরুম। পাশাপাশি দেওয়া হয়েছে সংসারের প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আব্দুল বারীর বয়স ৯৯ বছর। তবে তাঁর নিজের দাবি, বয়স পেরিয়েছে ১১৫ বছর। বয়সের হিসাব নিয়ে কিছুটা অমিল থাকলেও দীর্ঘ জীবনের দারিদ্র্য ও কঠিন সংগ্রামের বাস্তবতা তাঁর জীবনে স্পষ্ট।

জীবন-জীবিকার তাগিদে মানুষের ভাঙা হাঁড়ি-পাতিল মেরামত করে সামান্য যা আয় করেন, তা দিয়েই কোনোমতে চলে তাঁর সংসার। অভাব-অনটনের মধ্যে দিন কাটানো এই বৃদ্ধের দুর্দশার চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের।

পরে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাঁর কাছে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর বসবাসের জন্য ঘর নির্মাণ এবং সংসারের প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সরকারি টিআর প্রকল্পের অর্থায়নে আব্দুল বারীর জন্য একটি শোবার ঘর, একটি রান্নাঘর ও একটি বাথরুম নির্মাণ করা হয়। পাশাপাশি সংসারের প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী কিনে দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক লুৎফুন নাহার জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আব্দুল বারীর কাছে নতুন ঘর ও প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসিফ হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ইউএনও কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল আলম এবং মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক।

জীবনের শেষ প্রান্তে এসে নতুন ঘর ও সংসারের প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন আব্দুল বারী। সরকারি এই সহায়তায় তাঁর দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।


এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝