ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দেউলা লঞ্চঘাটসংলগ্ন কাচারির চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা।
সোমবার (১৬ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নদীভাঙন ও অবৈধ বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এফপি/মিব