Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

বেইজিংয়ে প্রথম সচিব হলেন সাঁথিয়ার সরদার এম জাহাঙ্গীর

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম  (ভিজিটর : ১৫৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (ফার্স্ট সেক্রেটারি) হিসেবে যোগ দিয়েছেন পাবনার সাঁথিয়া উপজেলার সন্তান সরদার এম জাহাঙ্গীর হোসেন। গত শনিবার (১৪ নভেম্বর) তিনি দূতাবাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। পরে মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে গত ৭ নভেম্বর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ সরদার এম জাহাঙ্গীর হোসেন ছাত্ররাজনীতি থেকে উঠে এসেছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চীন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং আর-আতাইকুলা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ছিলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেন।

শিক্ষাজীবন ও আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল’-এর অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে অধ্যয়নরত রয়েছেন। এর আগে চীন সরকারের আয়োজিত একটি লিডারশিপ প্রোগ্রামে অংশ নিয়ে ৬২টি দেশের প্রতিনিধির মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন বলে জানা গেছে। এ জন্য তিনি সনদ ও বিশেষ পুরস্কার লাভ করেন। পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

সরদার এম জাহাঙ্গীর হোসেন পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের কুমিরগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হাচান সরদার ও মরহুমা জহুরা খাতুনের ছেলে। ১৯৮৮ সালের ১০ জানুয়ারি তাঁর জন্ম। তাঁর স্ত্রী মর্জিনা খাতুন একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলার মুখোমুখিও হয়েছেন তিনি। তাঁর দাবি, পল্টন থানার মামলায় তাঁকে দুইবার গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৬ ও ২০২৩ সালে তিনি গ্রেপ্তার হন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতায় পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে। ২০২৩ সালের ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিখোঁজ ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরদার এম জাহাঙ্গীর হোসেন। এ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝