তীব্র লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন। সংকটের প্রভাব পড়েছে কৃষি, মৎস্যসম্পদ, খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্যে। এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, বরং শর্তহীন অনুদান ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে মোংলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপকূলীয় নারী, জেলে, কৃষক ও তরুণ জলবায়ুযোদ্ধারা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদের তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্যসম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’—এই প্রতিপাদ্য সামনে রেখে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি), ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে কয়েক শ নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধা অংশ নেন। তাঁদের হাতে ছিল পানিশূন্য কলস, মাছ ধরার জাল এবং বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন।
মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) এবং জলবায়ু অর্থায়নের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলো এখনো প্রয়োজনীয় অর্থায়নের সুস্পষ্ট অঙ্গীকার পাচ্ছে না। ফলে জলবায়ু সংকটের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন উপকূলীয় কৃষক, জেলে ও নারীরা।
সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র লবণাক্ততা এখন উপকূলের অন্যতম প্রধান দুর্যোগ। চারদিকে পানি থাকলেও অনেক এলাকায় এক ফোঁটা সুপেয় পানি পাওয়া যায় না। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম নিঃসরণ করলেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ভোগ করতে হচ্ছে এ দেশের কৃষক, জেলে ও উপকূলীয় নারীদের।
জলবায়ু অর্থায়নে বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট হলেও এ খাত অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ পায়। জলবায়ুসংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশীদারত্ব ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে দাঁড়িয়েছে। তাই কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। পাশাপাশি ক্ষুদ্র কৃষকদের প্রয়োজন অনুযায়ী অনুদান নিশ্চিত করতে হবে, কোনোভাবেই ঋণের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না।
উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও জ্বালানিনির্ভরতার পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশে ক্ষতির পরিমাণ ছিল ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা, যা আগের ছয় বছরের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। অন্যদিকে দেশের কৃষি খাত এখনো আমদানিনির্ভর জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশে ১ লাখ ৫১ হাজার অগভীর নলকূপ ডিজেলে চলে এবং প্রতিবছর অন্তত ১৬ লাখ টন ইউরিয়া সার আমদানি করতে হয়।
তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়নের ৬৫ শতাংশই ঋণ হিসেবে আসছে। কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার না দিলে উপকূলীয় মানুষের অপূরণীয় ক্ষতি হবে। এ প্রক্রিয়ায় উপকূলের নারী, জেলে, কৃষক ও কৃষিশ্রমিকদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
উপকূলীয় নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরে নারীনেত্রী ও জলবায়ুযোদ্ধা রত্না শেখ বলেন, লবণাক্ত পানির ব্যবহার উপকূলের নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তিনি জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলে উপকূলের প্রান্তিক নারী, জেলে ও কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের আবু হাসান, নারীনেত্রী তন্বী মণ্ডল, ইয়ুথ লিডার মেহেদী হাসান, প্রদীপ সরকার, নুপুর সরকার, জেলে সমিতির অসীম মাঝি, পৌল ইজারাদার ও জরিনা বেগম।
সমাবেশ শেষে বক্তারা বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় ন্যায্য রূপান্তর জরুরি। জলবায়ু সংকটের ক্ষতিপূরণ হিসেবে অর্থায়ন ঋণনির্ভর না করে শর্তহীন অনুদান দিতে হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারী, জেলে, আদিবাসী ও কৃষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এফপি/মিব