নীলফামারীর ডোমারে পৃথক অভিযান চালিয়ে চুরির অভিযোগে মানিক ইসলাম (৩০) ও বকুল কর্মকার (২৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার ছোট রাউতা গুচ্ছগ্রাম ও ছোট রাউতা ভূজারীপাড়া এলাকায় তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানিক ইসলাম ছোট রাউতা গুচ্ছগ্রাম এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং বকুল কর্মকার ছোট রাউতা ভূজারীপাড়া এলাকার মৃত সুকুমার কর্মকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ডোমার উপজেলায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’ চুরি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এফপি/মিব