Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

আটবার হেরে অবশেষে অস্কারের মঞ্চে ৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম  (ভিজিটর : ৪০)

গ্লেন ক্লোজ অভিনয়জীবনে আটবার মনোনয়ন পেলেও একবারও জিততে পারেননি অস্কার। অবশেষে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ৭৯ বছর বয়সে সম্মানসূচক অস্কার পেতে যাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই বিষয়টি আবেগাপ্লুত করেছে অভিনেত্রীকে।

শুক্রবার (১৩ নভেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সম্মানসূচক অস্কার পাওয়ার খবরটি প্রথম যখন জানতে পারেন, তখন গ্লেনের মনে হয়েছিল, এটি যেন আটবার অস্কারে হেরে যাওয়ার পর পাওয়া কোনো সান্ত্বনা পুরস্কার। এমনকি পুরস্কারটি গ্রহণ করলে নিজের অস্কার না জেতার রেকর্ডে কোনো পরিবর্তন আসবে কি না, সেটি নিয়েও ভেবেছিলেন তিনি।

সম্প্রতি বার্তাসংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, কোনো সান্ত্বনা পুরস্কারের আমার প্রয়োজন নেই। দ্বিতীয় প্রতিক্রিয়া ছিল, জানি না...আমি কি আমার না জেতার রেকর্ডটা শেষ করতে চাই?’ 

গ্লেন ক্লোজ বলেন, ‘এখনো বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারছি না। তবে জীবনের এই পর্যায়ে এসে এর অর্থ আমার কাছে অনেক। ৫০ বছরের বেশি সময় ধরে অভিনয় করছি। ৪৩ বছর আগে প্রথম অস্কার মনোনয়ন পেয়েছিলাম। এটা তো একটা পুরো জীবন! অনুভূতিটা সত্যিই অভিভূত করার মতো।’

এদিকে অস্কার অনুষ্ঠানের আরেকটি ঘটনা মনে পড়লে এখনো হাসি পায় অভিনেত্রীর। সেবার গ্লেন আট মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকের পরামর্শে নিজের স্ত্রীরোগ বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত বিমানে লস অ্যাঞ্জেলেসে যেতে হয়েছিল। সহ-অভিনেতা মাইকেল ডগলাসের সঙ্গে একটি পুরস্কার দিতে মঞ্চে উঠেছেন অভিনেত্রী। মঞ্চে ওঠার পর দর্শকদের হাসি শুনে প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে দর্শকদের হাসির কারণ বুঝতে পারেন।

জানা যায়, ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’ সিনেমায় তার চরিত্র অ্যালেক্স ফরেস্ট দাবি করেছিল, সে ড্যান গ্যালাঘারের (মাইকেল ডগলাস) সন্তানের মা হতে যাচ্ছে। কিন্তু ড্যান সে দাবি অস্বীকার করে। দর্শকদের মনে প্রশ্ন ছিল, অ্যালেক্স সত্যিই অন্তঃসত্ত্বা কি না। অথচ সেদিন বাস্তবেই অন্তঃসত্ত্বা ছিলেন গ্লেন। মাইকেল ডগলাসের সঙ্গে মঞ্চে তাকে দেখে তাই দর্শক হেসে উঠেছিলেন। 

সেই ঘটনা স্মরণ করে গ্লেন বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, সবাই হাসছে কেন? পরে বুঝলাম, সিনেমার সেই ঘটনার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল দেখে তারা হাসছিলেন। ব্যাপারটা সত্যিই মজার ছিল।’

সম্প্রতি মাইকেল ডগলাসও এক অনুষ্ঠানে বলেছেন, ওই বছর অস্কারটি গ্লেন ক্লোজেরই পাওয়া উচিত ছিল। ডগলাসের এ মন্তব্যে অবাক হয়েছিলেন কি না, জানতে চাইলে কিছুক্ষণ থেমে গ্লেন বলেন, ‘প্রকাশ্যে এমন কথা বলেছেন; হ্যাঁ, তাতে অবাক হয়েছি।’

এদিকে আটবার মনোনয়ন পেয়েও অস্কার না জেতার বিষয় নিয়ে কখনো তিক্ততা দেখা যায়নি গ্লেন ক্লোজের মধ্যে। বরং পুরস্কারের চেয়ে অভিনয় ও সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

আমি সব সময় নিজেকে কিছুটা বাইরের মানুষ বলে অনুভব করেছি জানিয়ে গ্লেন বলেন, ‘তাই আমার কাছে সবচেয়ে বড় সম্মান এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা। কে জিতল, কে হারল—এসব আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। পৃথিবীর সবচেয়ে সৃজনশীল মানুষদের সঙ্গে একই ঘরে থাকতে পারাটাই আসল।’

এদিকে বয়স ৭৯ হলেও অভিনয় থেকে অবসর নেওয়ার কোনো লক্ষণ গ্লেন ক্লোজের মধ্যে নেই। চলতি বছর স্প্যানিশ ভাষার চলচ্চিত্র ‘লা বোলা নেগ্রা’, সিরিজ ‘অলস ফেয়ার’-এর নতুন মৌসুম এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির নতুন একটি সিনেমা করেছেন।

উল্লেখ্য, আজ গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মেয়ে ও জামাতার সঙ্গে উপস্থিত থাকবেন গ্লেন। অনুষ্ঠানে পরার জন্য আরমানির নকশা করা বিশেষ পোশাকও তৈরি হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝