Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

‘আয়াতুল কুরসি’ দেয়া নেকলেস পরে কংগ্রেস থেকে আইনি নোটিশ পেলেন কারিনা

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম  (ভিজিটর : ৭৭)

অভিনেত্রী কারিনা কাপুর দীপাবলির সাজসজ্জা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিতর্কের মুখে পড়েছে। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ, কারিনা কাপুর এবং তার স্টাইলিস্ট রিয়া কাপুরের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। এর কারণ হলো, কারিনা যে লকেটটি পরেছিলেন, তাতে পবিত্র কুরআনের একটি আয়াত খোদাই করা ছিল।

আব্বাস হাফিজ সোশ্যাল মিডিয়া থেকে ওই ছবিগুলো সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন এবং কারিনার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। দীপাবলি উপলক্ষে কারিনা তার ঐতিহ্যবাহী উৎসবের সাজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এরপরই অনলাইনে এমন দাবি ওঠে, তার গলায় থাকা ‘ভোপাল রাজকীয়’ লকেটটিতে কুরআনের অত্যন্ত সম্মানিত আয়াত ‘আয়াতুল কুরসি’ লেখা রয়েছে, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

'ইন্ডিয়া টুডে'-র প্রতিবেদন অনুযায়ী, হাফিজের মতে পবিত্র কুরআনের আয়াতকে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা এবং তা এমন পোশাকের সঙ্গে পরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে। এই বিষয়টিকে ভিত্তি করেই কারিনা ও রিয়া উভয়ের কাছেই আইনি নোটিশ পাঠিয়েছেন মধ্যপ্রদেশ কংগ্রেসের এই মুখপাত্র।

তিনি সংশ্লিষ্ট ছবিগুলো অবিলম্বে সরিয়ে ফেলার পাশাপাশি নিঃশর্ত জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তিনি আরও স্পষ্ট করেছেন, একজন মুসলিম হিসেবে ব্যক্তিগত উদ্যোগে তিনি এই পদক্ষেপ নিয়েছেন এবং এর সঙ্গে কংগ্রেস দলের কোনো সম্পর্ক নেই। হাফিজ সতর্ক করে বলেছেন, কারিনা যদি ছবিগুলো সরিয়ে না নেন এবং ক্ষমা না চান, তবে তিনি পুলিশ বা আদালতের মাধ্যমে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।

দীপাবলির সময় রিয়া কারিনার কিছু ছবি শেয়ার করেছিলেন, যেখানে তাকে ডিজাইনার পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও মানানসই পাগড়ি পরা অবস্থায় দেখা যায়। অভিনেত্রী ২০০ বছরের পুরনো একটি ‘কলগি’ (শিরভূষণ) পরেছিলেন, যা একসময় ভোপালের নবাবের ছিল। এর পাশাপাশি তিনি পরেছিলেন ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্নার হার। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই পান্নায় পবিত্র কুরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। এগুলো ভোপালের রাজপরিবারের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদ, যা সাইফ আলী খানের পরিবারের দিক থেকে এসেছে। সাইফের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের কন্যা।

যদিও এই বিতর্ক নিয়ে কারিনা বা রিয়া কেউই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। কারিনাকে সর্বশেষ বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম থ্রিলার ‘দায়রা’। এই চলচ্চিত্রে অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনও অভিনয় করেছিলেন। এরপর কারিনাকে শাহরুখ খানের আসন্ন অ্যাকশন থ্রিলার ‘কিং’-এর একটি গানের দৃশ্যে দেখা যাবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝