কক্সবাজারের টেকনাফে একটি ব্যাটারিচালিত ইজিবাইক থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম ডিসপোজাল টিম) উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে। রোববার (২২ নভেম্বর) রাতে এসআরবি-১৫-এর কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালায় এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক থেকে সাতটি সাধারণ গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) সহযোগীদের নিয়ে মাদক কেনাবেচার উদ্দেশ্যে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে একটি ইজিবাইকে অবস্থান করছেন।
তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১-এর একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে অভিযানের উপস্থিতি টের পেয়ে আয়াজ ওরফে রুবেলসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজন ব্যক্তি ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে রাখা একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে উপস্থিত সাক্ষীদের সহায়তায় বস্তাটি তল্লাশি করে এসব বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে সাতটি সাধারণ গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি কালো প্লাস্টিকের ম্যাগাজিন এবং একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক। গ্রেনেডগুলোর মডেল ও লট নম্বর স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। গুলিগুলো দুটি পৃথক প্লাস্টিকের পাত্রে রাখা ছিল। এর মধ্যে একটিতে ৫০ রাউন্ড এবং অন্যটিতে ২৬ রাউন্ড গুলি পাওয়া যায়।
এসআরবি-১৫-এর মিডিয়া কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে জানমালের ক্ষতির আশঙ্কা ছিল। এ কারণে আদালতে এগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার আবেদন করা হয়।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত-৫-এর নির্দেশে ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের জেনারেল স্টাফ (জিএস) শাখার বোম ডিসপোজাল টিমকে বিস্ফোরকগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার অনুমতি দেওয়া হয়। সে অনুযায়ী সেনাবাহিনীর দলটি শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
এফপি/মিব