বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে, শ্রমিক অসন্তোষ ও কারখানায় হামলার আশঙ্কায় টঙ্গীর বিভিন্ন এলাকার পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এফপি/মিব