রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের হারাগাছ ইউনিয়নের সক্রিয় সদস্য মাইদুল ইসলাম মুকুলকে নাজিরদহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
একই দিন দিবাগত রাত ১২টার দিকে টেপামধুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসমত আলীকে বিশ্বনাথ গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট থলপাড়া এলাকায় সফিকুল ইসলামের ইটভাটার একটি টিনের ঘরে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু মিয়া ও মশিউর রহমান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মাদকসেবী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানামূলে পূর্ব চাঁনঘাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে গোলজার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/মিব