Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

স্মৃতিহীন বৃদ্ধা সুচন্দীর স্বজনদের খুঁজছে রূপগঞ্জের ডিবিকোপি হাসপাতাল

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:১০ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় স্মৃতিশক্তি হারিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এক বৃদ্ধা। একপর্যায়ে অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়ে থাকলে স্থানীয় স্বেচ্ছাসেবীরা তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে নিয়ে যাওয়া হয়। তবে নিজের নাম-পরিচয় কিংবা ঠিকানা কিছুই জানাতে পারেননি ওই বৃদ্ধা। এ অবস্থায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জানতে পেরে চনপাড়ায় অবস্থিত ডিবিকোপি হাসপাতালের পরিচালক আশিকুর রহমান বৃদ্ধার দায়িত্ব নেন। 

গত সাত দিন ধরে হাসপাতালটিতে তাঁকে আশ্রয় দেওয়ার পাশাপাশি নিজ খরচে চিকিৎসা, খাবার ও থাকার ব্যবস্থা করছেন তিনি।

হাসপাতালের নার্সদের সেবা-যত্নে বৃদ্ধার স্মৃতিশক্তি কিছুটা ফিরে এলেও এখনো নিজের পরিচয় ও ঠিকানা পুরোপুরি জানাতে পারছেন না তিনি। ফলে তাঁর স্বজনদের খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডিবিকোপি হাসপাতালের পরিচালক আশিকুর রহমান জানান, উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে বৃদ্ধাকে হাসপাতালে আনার পর প্রথমদিকে তিনি কিছুই বলতে বা মনে করতে পারছিলেন না। কয়েক দিন সেবা-যত্নের পর সম্প্রতি কিছু তথ্য দিতে শুরু করেছেন। তবে সেগুলোও বেশ এলোমেলো।

তিনি আরও জানান, বৃদ্ধা নিজের নাম সুচন্দী এবং বাবার নাম সচীন্দ কোনাল বলে জানিয়েছেন। পৈতৃক বাড়ির ঠিকানা বলতে না পারলেও তাঁর শ্বশুরবাড়ি বরিশালে বলে জানিয়েছেন। তাঁর দুই মেয়ে রয়েছে। একজনকে চানপুরে এবং অন্যজনকে বরিশালে বিয়ে দিয়েছেন। তাঁর স্বামী মারা গেছেন বলেও জানিয়েছেন বৃদ্ধা।

আশিকুর রহমান বলেন, ‘ডিবিকোপি হাসপাতাল অজ্ঞাত ও অসহায় পথচারীদের দীর্ঘমেয়াদে আশ্রয় দেওয়ার উপযোগী নয়। মানবিক কারণে তাঁকে সাময়িকভাবে রাখা হয়েছে। কিন্তু এভাবে দীর্ঘদিন রাখা সম্ভব নয়। তাই দ্রুত তাঁর পরিচয় শনাক্ত করা এবং স্বজনদের খুঁজে পাওয়া জরুরি।’

তিনি আরও জানান, হাসপাতালে অবস্থানকালে বৃদ্ধা মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করেন। এতে হাসপাতালের নার্স ও আয়াদের তাঁকে সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব তাঁর স্বজনদের খুঁজে বের করা প্রয়োজন। কেউ ওই বৃদ্ধাকে চিনে থাকলে বা তাঁর স্বজনদের সন্ধান পেলে ডিবিকোপি হাসপাতালের সহকারী তামিমের মুঠোফোন নম্বর ০১৮৪৫৬৭৫৬৮৫-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন হাসপাতাল পরিচালক।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝