Dhaka, Monday | 23 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 23 November 2026 | English
শিরোনাম:

আমতলীতে ঘুষের টাকাসহ প্রকৌশলী গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:২১ পিএম  (ভিজিটর : ১৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খাঁনকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের একটি পরিত্যক্ত ভবনের কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করে দুদক।

তবে গ্রেপ্তার হওয়া প্রকৌশলী রুবেল খাঁনের দাবি, সাবেক মেয়র মতিয়ার রহমানের বিভিন্ন অনিয়মে সহযোগিতা না করায় সাব-ঠিকাদার নোমান রেজাকে ব্যবহার করে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে সাব-ঠিকাদার নোমান রেজার অভিযোগ, কাজের তদারকির জন্য প্রকৌশলী তাঁর কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।

জানা গেছে, আমতলী পৌরসভার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা ব্যয়ে এলজিসিআরআরপি প্রকল্প গ্রহণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিল মাসে তৎকালীন পৌর মেয়র মতিয়ার রহমান এ প্রকল্পের দরপত্র আহ্বান করেন। অভিযোগ রয়েছে, ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও বাস্তবে প্রকল্পের কাজ পরিচালনা করছেন সাবেক মেয়র নিজেই।

২০২৪ সালের ৩০ জুলাই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। বর্তমানে প্রকল্পের কাজ চলমান রয়েছে। সাবেক মেয়র মতিয়ার রহমানের পক্ষে সাব-ঠিকাদার নোমান রেজা কাজটি পরিচালনা করছেন। আর প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে রয়েছেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খাঁন।

সাব-ঠিকাদার নোমান রেজার অভিযোগ, প্রকল্পের কাজ তদারকির জন্য প্রকৌশলী রুবেল তাঁর কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। সোমবার বেলা ১১টার দিকে সাবেক মেয়র মতিয়ার রহমানের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে ওই টাকা দেওয়ার সময় দুদকের সদস্যরা অভিযান চালিয়ে প্রকৌশলীকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস ওই দিন আমতলী ডাকবাংলো প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন। পরে গ্রেপ্তার হওয়া প্রকৌশলীকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।

অভিযোগ অস্বীকার করে উপসহকারী প্রকৌশলী রুবেল খাঁন বলেন, সাবেক মেয়র মতিয়ার রহমান অতীতে পৌরসভার উন্নয়নমূলক কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এখনো তিনি পৌরসভার বিভিন্ন কাজে অনিয়মের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এসব অনিয়মে সহযোগিতা করতে রাজি না হওয়ায় সাবেক মেয়র তাঁর লোক নোমান রেজাকে দিয়ে পরিকল্পিতভাবে নিজের পকেটে টাকা ঢুকিয়ে দুদকের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করিয়েছেন। সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন রুবেল।

অন্যদিকে সাব-ঠিকাদার মো. নোমান রেজা বলেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খাঁন তাঁর কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। ওই টাকা দেওয়ার সময় দুদক তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।

তবে প্রকল্পের কাজের মান নিয়ে আপত্তি থাকায় পরিকল্পিতভাবে প্রকৌশলীর পকেটে টাকা ঢুকিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান নোমান রেজা।

পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ঘুষের এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খাঁনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে আগে থেকে দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধার করা টাকার নম্বরের হুবহু মিল পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দুদক পৌরসভার উপসহকারী প্রকৌশলীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝