রাজধানীর আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি কারখানা থেকে সেলাই মেশিনের মোটর চুরির অভিযোগে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা দাবির অভিযোগে আরও একজনকে আটক করেছে আনসার সদস্যরা। সোমবার (২৩ নভেম্বর) পৃথক দুটি অভিযানে তাঁদের আটক করা হয়।
আনসার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে আশুলিয়ার পুরাতন ঢাকা ইপিজেডের একটি কারখানা থেকে সেলাই মেশিনের মোটর নিয়ে পালানোর সময় নজরুল (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ১৮ নম্বর পকেট গেটে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. রাশেদুল বিষয়টি বুঝতে পেরে তাঁকে ধাওয়া করেন। পরে গেটে দায়িত্বে থাকা এপিসি আবু সাঈদসহ অন্য আনসার সদস্যদের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। এরপর ক্যাম্প ইনচার্জ পিসি মো. সামিউল ইসলাম তাঁকে বেপজা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
অন্যদিকে, একই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় এক রোগীর কাছে পরীক্ষার রিপোর্ট দেওয়ার জন্য নির্ধারিত ৩৮০ টাকার পরিবর্তে ৩ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে নাইম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
কর্তব্যরত আনসার সদস্য মো. আব্দুল হালিম তাঁর পরিচয় জানতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে হালিম তাঁকে ধাওয়া করে আটক করেন। এ সময় টহলরত আনসার সদস্য মোহাইমিনুল ও রমজান আলী তাঁকে সহযোগিতা করেন। পরে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এসব অভিযান সেই দায়িত্ব পালনের ধারাবাহিক অংশ।
এফপি/মিব