নীলফামারীর ডোমার পৌরসভায় ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী। এ উপলক্ষে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে রফিকুলের বাড়ির পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, বিএনপি নেতা মেরাজুল হক, সাবেক ছাত্রদল নেতা ইউসুফ এবং পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু।
এ ছাড়া তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত ১২ জন তথ্য সংগ্রহকারী, একজন সুপারভাইজার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মাহমুদ। এ সময় তিনি ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তথ্য সংগ্রহকারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি সুপারভাইজারকে যথাযথভাবে কার্যক্রম তদারকি করতে হবে, যাতে কোনো ধরনের ভুলত্রুটি না থাকে।
তিনি আরও বলেন, এ কার্যক্রম সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সরকারের এ উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক সহায়তার জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বক্তারা আরও জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারপ্রধানকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।
এফপি/মিব