গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই বাড়ির তিন ভাড়াটিয়া দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন খুলনার কয়রা থানার আশফাক গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৬), ঝালকাঠির গলাচিপা থানার চরবিশ্বাস এলাকার সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০) এবং নরসিংদীর পাঁচদোনা এলাকার সুমন ও মনিরা আক্তারের ছেলে আরাফাত (৬)।
তাঁরা সবাই দাঁড়াইল পশ্চিমপাড়ায় জুতার কারখানা-সংলগ্ন জাহানারা বেগমের একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভাড়াটিয়া তরিকুল ইসলামের কক্ষের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে গ্যাস জমে যায়। একপর্যায়ে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তরিকুলের কক্ষে এবং পাশের কক্ষে থাকা মনিরা আক্তার ও তাঁর ছেলে আরাফাতের ঘরে। এতে তিনজনই দগ্ধ হন।
বিস্ফোরণের শব্দ ও চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়া ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে দগ্ধ তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁদের প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে শারীরিক অবস্থার অবনতি ও দগ্ধের গুরুতর অবস্থার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এফপি/মিব