Dhaka, Monday | 23 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 23 November 2026 | English
শিরোনাম:

নেছারাবাদে আলোচিত অপু হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম  (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাসানুর রহমান অপু (৩৬) নামে এক যুবককে হত্যার দায়ে প্রধান আসামি শেখ রুম্মান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শেখ রুম্মান হোসেন (৩০) নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের বাসিন্দা। একই গ্রামের সুমনা বেগম (৩৫) ও সাদিয়া ইসলামকে (১৭) তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সুপারি বিক্রির পাওনা টাকা পরিশোধের কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু।

নিখোঁজের তিন দিন পর অভিযুক্ত রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশের একটি খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন বলেন, নেছারাবাদের আলোচিত অপু হত্যা মামলায় প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি শেখ রুম্মান হোসেনসহ দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি সুমনা বেগম ও সাদিয়া ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝