Dhaka, Monday | 23 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 23 November 2026 | English
শিরোনাম:

সিরাজদিখানে এসএসসি ফরম পূরণে ৮ হাজার টাকা দাবি, ইউএনওর দ্বারস্থ অভিভাবক

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম  (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ দাবির অভিযোগ উঠেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে ৮ হাজার টাকা করে চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিভাবকদের দাবি, সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বোর্ড ও কেন্দ্র ফিসহ ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৩১৫ টাকা দেওয়ার কথা। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছে ৮ হাজার টাকা দাবি করছে। সে হিসাবে বিভাগভেদে নির্ধারিত ফির চেয়ে ৫ হাজার ৫৬৫ থেকে ৫ হাজার ৬৮৫ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ চাওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

ভুক্তভোগী অভিভাবক সোহরাব হোসেন জানান, তাঁর মেয়ে ছামিহা ইসলাম বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রথম রোলধারী শিক্ষার্থী। এসএসসি নির্বাচনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ফরম পূরণ করতে গেলে বিদ্যালয় থেকে ৮ হাজার টাকা দাবি করা হয়। তিনি ৩ হাজার ৫০০ টাকা দিতে চাইলেও মেয়ের ফরম পূরণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পরে সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদ হাসানকে জানালে তিনি ওই শিক্ষার্থীর ফরম পূরণের ব্যবস্থা করেন। এ ঘটনায় ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবক সোহরাব হোসেন।

তবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল। তিনি বলেন, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণসহ মোট ৮ হাজার টাকা নেওয়া হচ্ছে। এর মধ্যে তিন মাসের অগ্রিম কোচিং ফি, মডেল টেস্ট ফি, অনলাইন ফি এবং বোর্ডের ফরম পূরণের ফি অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এ অর্থ নির্ধারণ করা হয়েছে। কোনো অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে না। তবে আবেদন করলে অনেক শিক্ষার্থী এর চেয়ে কম টাকা দিয়েও ফরম পূরণের সুযোগ পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদ হাসান বলেন, সরকার নির্ধারিত ফির বাইরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করতে পারবে না। কোনো প্রতিষ্ঠান এ নিয়মের ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীর অভিভাবক তাঁর কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন। শিক্ষার্থীটি বিদ্যালয়ের প্রথম রোলধারী ও মেধাবী। তাঁর ফরম পূরণের ব্যবস্থা তিনি ব্যক্তিগত উদ্যোগে করে দিয়েছেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝