Dhaka, Monday | 23 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 23 November 2026 | English
শিরোনাম:

সিরাজদিখানে ৬০ কৃষক পেলেন রপ্তানিযোগ্য আলুবীজ ও কৃষি উপকরণ

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম  (ভিজিটর : ৩২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রথমবারের মতো ৬০ জন কৃষকের মাঝে রপ্তানিযোগ্য জাতের আলুবীজ ও চাষাবাদের প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 'ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প'-এর আওতায় উন্নত জাতের আলুবীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ পেয়েছেন এসব কৃষক। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিস-সংলগ্ন এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রদর্শনী কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ২০ শতক জমিতে আলু চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৫৫ জন কৃষককে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) 'সানসাইন' জাতের ১৬০ কেজি করে আলুবীজ এবং পাঁচজন কৃষককে 'স্টারিস্ট' জাতের আলুবীজ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রত্যেক কৃষককে ২০ শতক জমিতে আলু চাষের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার, জৈব বালাইনাশক ও জিপসাম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি বীজ শোধন ও আলু ফসলের পরিচর্যার জন্য বিকাশের মাধ্যমে নগদ অর্থ সহায়তাও দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, চলতি বছর মুন্সীগঞ্জ জেলায় মোট ৩৬০ জন কৃষকের মধ্যে রপ্তানিযোগ্য জাতের আলুবীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণের কর্মসূচি রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের উৎপাদিত আলুর একটি অংশ আন্তর্জাতিক বাজারের রপ্তানিযোগ্য মানদণ্ড পূরণ করতে না পারায় রপ্তানির উপযোগী জাতের আলু উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে উন্নতমানের আলু উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আলুর রপ্তানি সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝