প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এসকে গ্রুপ।
বৈঠকে প্রতিনিধিদল তাদের বিনিয়োগ পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে। তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের আদলে মাতারবাড়ীকে একটি আধুনিক জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের প্রস্তাব ও পরিকল্পনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বিনিয়োগসংক্রান্ত প্রক্রিয়া সহজীকরণে সরকার কাজ করে যাচ্ছে।
এফপি/মিব