আগামীকাল ২৫ নভেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছর ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। সে হিসাবে এ বছর শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করছে খুলনা বিশ্ববিদ্যালয়।
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টা, আন্দোলন ও ত্যাগ। দীর্ঘ পথচলায় শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, মানসম্মত শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সংযোগ এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আজ তরুণ প্রজন্মের স্বপ্ন, ভবিষ্যৎ ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়টি এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, একাডেমিক কার্যক্রম সচল রাখা, গবেষণায় গতিশীলতা সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রশাসনিক কাঠামোর আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
বিশেষ করে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে অ্যাক্রেডিটেশনের আবেদন, স্নাতক পর্যায়ে গবেষণা অনুদান চালু এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে আর্থিক প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারে গুরুত্ব দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’-এর আওতায় গবেষণা অনুদান প্রদান করা হয়েছে।
অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণার সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে। এসব প্রকল্পে আবাসিক হল, শ্রেণিকক্ষ ও গবেষণাগার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এ ছাড়া দীর্ঘ সাত বছর পর বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তারিখে এ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং খুলনার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।
শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ দেশের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটি আমাদের জন্য গর্ব ও মর্যাদার বিষয়। এ অগ্রযাত্রায় যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামীকাল ২৫ নভেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, গত বছরের কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান এবং স্মরণিকার মোড়ক উন্মোচন।
এরপর অদম্য বাংলা প্লাজায় বিভিন্ন স্কুল, ডিসিপ্লিন ও বিভাগের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে উপস্থাপন করা হবে। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক, বিভিন্ন ভবন, আবাসিক হল ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়েছে।
এফপি/মিব