Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

বর্ণিল আয়োজনে ডিএনসিসি কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নারী-পুরুষ বিভাগে অংশ নেবে ২০টি দল, খেলা শুরু ৪ ডিসেম্বর

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম  (ভিজিটর : ৭)

জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট।

গতকাল রাতে রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, এমপি; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব। আগামী ৪ ডিসেম্বর বিভিন্ন এলাকার মাঠে একযোগে প্রতিযোগিতার খেলা শুরু হবে। এ আয়োজন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতা কামনা করেন তিনি।

নারী-পুরুষ বিভাগে অংশ নেবে ২০টি দল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে নারী ও পুরুষ বিভাগে ১০টি করে মোট ২০টি দল অংশ নেবে। তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো—উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স।

অন্যদিকে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং।

চারটি মাঠে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা
ডিএনসিসির ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলো এ প্রতিযোগিতায় অংশ নেবে। আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার মাঠে খেলা শুরু হবে। মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো, ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসির বিভাগীয় প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক ফুটবলার আলফাজ ও কায়সারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝