Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ চায় বাংলাদেশ

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম  (ভিজিটর : ৩৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী বছরের জুনে ঘরের মাঠে বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টের প্রস্তুতি ঝালিয়ে নিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিবির এই উদ্যোগে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় দুই দেশের বোর্ড কর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দেয় বিসিবি। তবে সিরিজটির সময়সূচি নিয়ে শুরুতে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যমকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

তবে বিসিবির কর্মকর্তারা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, নাকভির উল্লেখ করা সময়টি সঠিক নয়। মূলত ২০২৭ এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে সিরিজটি আয়োজন করতে চায় বাংলাদেশ।

আলোচনার সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এশিয়া কাপের আগে বাংলাদেশে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব আমরা দিয়েছি এবং দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে। যেহেতু এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং দুই দেশই বিষয়টি বিবেচনা করছে, তাই এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যাচ্ছে না। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে আমাদের জানাবে।’

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী এশিয়া কাপ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে এই টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ, যেখানে টি-টোয়েন্টি সংস্করণের ফাইনালে খেলে রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝