দেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় তাফসীর প্রতিযোগিতায় দুই গ্রুপে সেরা হয়েছেন ঝালকাঠির হাফেজ মাহমুদুল হাসান ও টাঙ্গাইলের মুফতী নাঈমুর রহমান নাঈম। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছেন মাহমুদুল হাসান এবং ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন নাঈমুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গত ১৯ নভেম্বর ও ২১ নভেম্বর অনুষ্ঠিত এ পর্বে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন।
‘ক’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন নীলফামারীর জুবায়ের হোসাইন জিশান এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন ফুয়াদ। অন্যদিকে, ‘খ’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঢাকার মো. নাছিমুল হক ছাদী এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের মাসউদ রিদওয়ান।
জাতীয় পর্যায়ে দুই গ্রুপের প্রথম স্থান অধিকারীরা পাবেন ২ লাখ টাকা করে। দ্বিতীয় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীদের জন্য ১ লাখ টাকা করে পুরস্কার। বিজয়ীদের নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস ও কামিল পর্যায়ের শিক্ষার্থী এবং আরবি ও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থীরা অংশ নেন। ‘খ’ গ্রুপে অংশ নেন কামিল ও দাওরায়ে হাদিস উত্তীর্ণ ব্যক্তি, আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী, মাদ্রাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা।
বিভাগীয় পর্যায় থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দুই গ্রুপে মোট ২ হাজার ৫৮০ জন নিবন্ধন করেন। এর মধ্যে ‘ক’ গ্রুপে ১ হাজার ৪৩৫ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ১৪৫ জন প্রতিযোগী ছিলেন।
গত ১০ অক্টোবর দেশের আটটি বিভাগীয় শহরে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রতিটি বিভাগে দুই গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়। বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে পুরস্কার, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগীকে নিয়ে গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে ছয় দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ও গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা ইসলামী স্কলাররা এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। তাঁরা প্রতিযোগীদের তাফসীরবিষয়ক জ্ঞান, দক্ষতা ও উপস্থাপনার মানোন্নয়নে প্রশিক্ষণ দেন।
আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে পবিত্র কুরআনের তাফসীর সম্পর্কে জ্ঞানচর্চা বাড়বে এবং যোগ্য ও দক্ষ মুফাসসির তৈরির পথ সুগম হবে।
এফপি/অ