Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:২৬ পিএম  (ভিজিটর : ৭)

বার্ষিক সাধারণ সভার (এজিএম) পরদিনই শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশের অর্থ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ২০২৫-২৬ হিসাব বছরের জন্য কোম্পানিটির ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস জানান, গত ১৫ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফর্মে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম এজিএম অনুষ্ঠিত হয়। সভায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার অংশ নেন। তাঁরা সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের প্রস্তাবিত নগদ ও স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এর একদিন পরই বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশের অর্থ পাঠানো হয়।

প্রতিটি শেয়ারে ১৮ টাকা নগদ লভ্যাংশ
কোম্পানির ঘোষণা অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ১৮ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন। পাশাপাশি প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার দেওয়া হবে।

রফিকুল ইসলাম বলেন, কোম্পানির প্রযুক্তিগত উৎকর্ষ, প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, পরিচালনগত গতিশীলতা এবং শক্তিশালী তারল্য অবস্থানের কারণে অল্প সময়ের মধ্যে নগদ লভ্যাংশ বিতরণ সম্ভব হয়েছে। তাঁর মতে, দ্রুত লভ্যাংশ পরিশোধের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতি কোম্পানির দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে।

ওয়ালটনের মুনাফা ১১২৪ কোটি টাকা
শেয়ারহোল্ডারদের অনুমোদিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরে ওয়ালটন হাই-টেকের মুনাফা হয়েছে ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৯৪ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির মুনাফা ছিল ১ হাজার ৩৬ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৩৬৩ টাকা।

সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ৮৭ কোটি ৯৫ লাখ টাকা।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৩১ টাকা ১১ পয়সা।

নিট সম্পদ মূল্য ১২ হাজার ৭০৪ কোটি টাকা
পুনর্মূল্যায়নসহ ওয়ালটন হাই-টেকের মোট নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭০৪ কোটি টাকা। পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা। অন্যদিকে, পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮০ টাকা ২৪ পয়সা।

গ্রিন এনার্জি ও আধুনিকায়নে ব্যয় হবে স্টক লভ্যাংশ
কোম্পানির অনুমোদিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ রিটেইনড আর্নিংস বা সংরক্ষিত মুনাফা থেকে প্রদান করা হবে। এ অর্থ কোম্পানির গ্রিন এনার্জি সক্ষমতা সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং অন্যান্য আধুনিকায়ন ও সম্প্রসারণমূলক (বিএমআরই) কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

নগদ লভ্যাংশ দ্রুত বিতরণের পাশাপাশি ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সম্প্রসারণ ও আধুনিকায়ন কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে ওয়ালটন হাই-টেক। কোম্পানিটির আর্থিক ফলাফল ও লভ্যাংশ ঘোষণা বিনিয়োগকারীদের জন্য চলতি হিসাব বছরের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝