বৈরী আবহাওয়ার কারণে তিন দিন ধরে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকে থাকার পর টেকনাফে ফিরতে শুরু করেছেন পর্যটকেরা।
শনিবার সকালে তিনটি সার্ভিস ট্রলারে করে ১৬০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা দ্বীপ ছেড়ে টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন। তবে এখনো দ্বীপে অবস্থান করছেন প্রায় দেড় হাজার পর্যটক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন। আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেতের কারণে পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়। এতে সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।
শনিবার সাগরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় জরুরি প্রয়োজনে দ্বীপ ছাড়তে ইচ্ছুক পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে তিনটি সার্ভিস ট্রলার টেকনাফের উদ্দেশে যাত্রা করে।
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, সাগরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শনিবার সকাল থেকে সার্ভিস ট্রলারে করে আটকে পড়া পর্যটক ও স্থানীয় বাসিন্দারা টেকনাফে ফিরতে শুরু করেছেন। তিনটি ট্রলারে মোট ১৬০ জন যাত্রী রওনা হয়েছেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে যাঁদের জরুরি কাজ রয়েছে বা যাঁরা ফিরতে চান, তাঁরা সার্ভিস ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটের উদ্দেশে রওনা হয়েছেন। যাঁরা এখনো দ্বীপে অবস্থান করছেন, আবহাওয়া পুরোপুরি অনুকূলে এলে এবং কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে তাঁরাও নিরাপদে ফিরতে পারবেন।
টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান বলেন, সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি প্রশাসন নিয়মিত পর্যবেক্ষণ করছে। সাগরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে দ্রুততম সময়ের মধ্যে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। এতে দ্বীপে অবস্থানরত বাকি পর্যটকেরা নিরাপদে ফিরতে পারবেন।
এফপি/অ