বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় রাঙামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়েছে ‘২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬’। সোমবার (১৬ নভেম্বর) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-১ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা প্রশাসক, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা মোট ২০ জন সাঁতারু অংশ নেন। তাঁদের মধ্যে পুরুষ ও মহিলা বিভাগে ৯ জন করে মোট ১৮ জন বাছাইকৃত সাঁতারু ছিলেন। পাশাপাশি স্বাগতিক রাঙামাটি পার্বত্য জেলা থেকে উভয় বিভাগে একজন করে আরও দুজন সাঁতারু অংশ নেন।
প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুদের ১০ কিলোমিটার এবং মহিলা সাঁতারুদের ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। কাপ্তাই হ্রদের রামগবান টিলা এলাকা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ। দ্বিতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ।
অন্যদিকে, মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন। দ্বিতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর পলি খাতুন।
প্রতিযোগিতা শেষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী সাঁতারুদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। এ ছাড়া সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকেও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান সাঁতারু অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে।
এ কর্মসূচির মাধ্যমে নতুন প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় সাঁতার অঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো দক্ষ সাঁতারু গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এফপি/মিব