Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ইয়াছিন মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি দেবই-কাজিরবাগ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। পরবর্তী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

নিহতের ভগ্নিপতি মাসুম মিয়া জানান, দেবই মাদ্রাসার দপ্তরি এবং নিহতের চাচা মামুনের সঙ্গে তাঁদের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে মামুন, রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিনের ওপর হামলা চালান। এ সময় তাঁকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে মামুন তাঁর হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করেন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা ইয়াছিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে ইয়াছিনের মরদেহ বাড়িতে নিয়ে আসার কথা রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় আগে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। নিহতের মৃত্যুর ঘটনায়ও নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝