Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

খুবিতে ফুসফুসের ক্যান্সারবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা ও প্রয়োগমুখী গবেষণার ওপর গুরুত্বারোপ উপাচার্যের

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম  (ভিজিটর : ৩৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ফুসফুসের সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। নভেম্বর মাসব্যাপী ফুসফুসের ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের উদ্যোগে এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘এমপাওয়ারিং ইয়ুথ ফর হেলদি লাংস’।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, গবেষণাকে প্রয়োগমুখী করে দেশের উন্নয়নে কাজে লাগানো জরুরি। দেশের উন্নয়ন ও বিদ্যমান সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ জন্য সময়োপযোগী ও সমাজের প্রয়োজনভিত্তিক গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ক্যান্সার শুধু একজন রোগীর শারীরিক অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং এটি একটি পরিবারকে গভীর মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দেয়। এ রোগ প্রতিরোধ ও মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার পরিধি বাড়াতে হবে। ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের প্রতিরোধ ও চিকিৎসায় চিকিৎসকদের আরও বেশি গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

দেশের ওষুধশিল্পে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের অবদানের কথা তুলে ধরে উপাচার্য জনস্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয়, চিকিৎসক ও ওষুধশিল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ধূমপান ও মাদক পরিহার করে স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অনকোলজি বিভাগের সিনিয়র মার্কেটিং ম্যানেজার সাফায়েত হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি ও অনকোলজি বিভাগের প্রধান ডা. মো. মুকিতুল হুদা।

ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. জামিল আহমদ শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আনিসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া তাহসিম ও হাসিবুর রহমান সৌরভ। সেমিনারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝