নিখোঁজের ছয় দিন পর নেত্রকোনায় নাজমা আক্তার (৩৪) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভরণপোষণের টাকা দেওয়ার কথা বলে তাঁকে সঙ্গে নিয়ে যাওয়ার পর হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামী নুরুল আমীনের (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের খাটপুড়া শ্মশানঘাটের পাশ থেকে হত্যাকাণ্ডের আলামত উদ্ধারের পর ঢুকিয়ালী নদীর পাড় থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নাজমা নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ হত্যাকাণ্ডের তথ্য পায়। পরে অভিযান চালিয়ে নুরুল আমীনকে আটক করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রায় ১৪ বছর আগে নাজমা ও নুরুল আমীনের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে তাঁদের মধ্যে একাধিকবার বিচ্ছেদ ও পুনরায় বিয়ে হয়। সর্বশেষ তাঁরা আলাদা থাকছিলেন। নাজমা সাবেক স্বামীর বিরুদ্ধে আদালতে ভরণপোষণের মামলাও করেছিলেন।
পুলিশের দাবি, ওই মামলার ভরণপোষণের ৬ হাজার টাকা দেওয়ার কথা বলে নাজমাকে সঙ্গে নিয়ে শহরের বড়বাজার থেকে রিকশায় রাজুরবাজারে যান নুরুল আমীন। পরে সেখান থেকে ভাড়া করা মোটরসাইকেলে তাঁরা মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজ এলাকায় যান।
পুলিশের ভাষ্য, রাত সাড়ে ১০টার দিকে সেখানে টাকা দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নুরুল আমীন নাজমার বুকে সজোরে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এফপি/অ