ফরিদপুরের ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই প্রবীণ শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস ও মজিবর রহমান খানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে প্রিয় শিক্ষকদের বিদায় জানাতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গণে। অশ্রুসিক্ত হয়ে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেনের সভাপতিত্বে এবং ফাইজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুক্তার হোসেন। বিদায়ী দুই শিক্ষককে লাল গালিচায় রাজসিক অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী দুই শিক্ষক
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন সহকর্মীরা। পরে দিলীপ কুমার বিশ্বাস ও মজিবর রহমান খান তাঁদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, দুই শিক্ষক দীর্ঘ সময় ধরে জ্ঞান, আদর্শ ও নিষ্ঠার মাধ্যমে হাজারো শিক্ষার্থীর জীবন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভাঙ্গা অঞ্চলের শিক্ষার প্রসারে তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, মানপত্র ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। পরে তাঁদের বিশেষভাবে সাজানো ঘোড়ার গাড়িতে তুলে ফুল ছিটিয়ে রাজসিক বিদায় জানানো হয়। ওই ঘোড়ার গাড়িতেই তাঁদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।