প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম (ভিজিটর : ১৫৭)

কোলাজ: দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট
মোংলায় সামাজিক যোগাযোগমাধ্যম ও মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে মোবাইল ফোনে বিয়ের নাটক সাজিয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।
ভুক্তভোগী প্রবাসী জাফর কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি সৌদি আরব থেকে মুঠোফোনে জানান, মোংলা পোর্ট পৌরসভার শেহরতলী পূর্ব কবরস্থান রোডের এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে তাঁর পরিচয় হয়। পরে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নিয়মিত কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এভাবে প্রায় দুই বছর তাদের যোগাযোগ ছিল।
জাফরের অভিযোগ, ওই তরুণী বিভিন্ন সময়ে নানা অজুহাতে তাঁর কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৪ লাখ টাকা নেন। পরে প্রায় দুই মাস তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। মাঝে মাঝে জাফর যোগাযোগের চেষ্টা করলে প্রয়োজন অনুযায়ী ওই তরুণী আবার যোগাযোগ করতেন বলে অভিযোগ তাঁর।
ভুক্তভোগীর দাবি, একপর্যায়ে ওই তরুণী মোবাইল ফোনে ভিডিওর মাধ্যমে এক কাজীর উপস্থিতিতে তাঁকে বিয়ে করেন। বিয়ের পরও বিভিন্ন অজুহাতে দফায় দফায় তাঁর কাছ থেকে আরও কয়েক লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সম্প্রতি ওই তরুণী জাফরের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তাঁকে নানাভাবে হুমকি-ধমকি দিতে শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। এরপর জাফরের ধারণা হয়, তিনি পরিকল্পিতভাবে ‘হানি ট্র্যাপ’ বা ভুয়া বিয়ের ফাঁদে পড়েছেন।
এ ধরনের প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের অভিযোগ, মোংলাসহ দেশের বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র সক্রিয় রয়েছে, যারা প্রবাসীদের টার্গেট করে সম্পর্ক ও বিয়ের প্রলোভনের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে।
ভুক্তভোগী প্রবাসী জানান, তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপও কামনা করেছেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় প্রবাসীর পাঠানো মোবাইল ফোনে বিয়ের ভিডিওসহ বিভিন্ন তথ্য-প্রমাণ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
এফপি/র