প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম (ভিজিটর : ৫২)
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার ব্যাটারি চুরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৫টি পুরোনো অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতু উত্তর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান।
তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদিনীমণ্ডল মাওয়া ঘাট এলাকার একটি গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। পরে গ্যারেজে থাকা ৯৫টি পুরোনো অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গ্যারেজ মালিক থানায় অভিযোগ করেন।
অভিযোগের পর তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চুরি হওয়া ৯৫টি ব্যাটারি উদ্ধার করা হয় এবং চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাসুদ (৩৩), আল্লাম শেখ (৩৬) ও মো. সাজিব ফকির (২৯)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন, সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।