পাবনায় অভিযান চালিয়ে একটি .২২ ক্যালিবারের রিভলবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খন্দকার শাহরিয়ার কবির রিমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পাবনা সদর থানার একটি দল পাবনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রাধানগর মজুমদারপাড়ায় অভিযান চালায়। এ সময় রিমনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ওয়ারড্রপের প্রথম ড্রয়ারে থাকা একটি দিয়াশলাইয়ের প্যাকেট থেকে .২২ বোরের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তার শয়নকক্ষের টয়লেটের অকেজো ফ্লাশ ট্যাংকের ভেতর কালো কাপড়ে মোড়ানো অবস্থায় আট চেম্বারবিশিষ্ট একটি .২২ ক্যালিবারের রিভলবার উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে রিমনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলার নম্বর-৬৫, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-৪৬৩। মামলায় The Arms Act, 1878-এর 19A/19(f) ধারা উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার রিমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এফপি/র