নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের কার্যকর প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মুন্সীগঞ্জে মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নারীর নিরাপত্তা, সুরক্ষা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হওয়ার পরিসংখ্যানসহ বিভিন্ন ধরনের নারী নির্যাতন ও সহিংসতার চিত্র তুলে ধরা হয়।
এ সময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের কার্যকর প্রয়োগ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পারিবারিক সহিংসতা, যৌতুকের জন্য নির্যাতন এবং ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি হয়রানি বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
আরাফাত উজ্জামান বাবুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ও সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাংবাদিক শেখ মোহাম্মদ রতন, মহিউদ্দিন আহমেদ সুমন, আব্দুস ছালাম, মাসুদ রানা, মাসুদুর রহমান, জুয়েল রানা, মোহাম্মদ ফয়সাল, আরাফাত রায়হান সাকিব, জসিম ও হুমায়ুন কবির।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির গাজী আব্দুল আলিম ও সোহাগ আহমেদ, স্বেচ্ছাসেবী সামিয়া শারমিন, মাশফিক শিহাব ও রাওফিন মীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
এফপি/মিব