নওগাঁর মান্দা উপজেলায় রবি মৌসুমে কৃষি উৎপাদন বাড়াতে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের তালিকাভুক্ত সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বক্স মণ্ডল, উপজেলা মহিলা দলের সহসভাপতি লায়লা আঞ্জুমান বানু, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম ও রুমেলা খাতুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকেরা।
এফপি/মিব