Dhaka, Wednesday | 25 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 25 November 2026 | English
শিরোনাম:

চার দফা দাবিতে সুনামগঞ্জে ট্রাক শ্রমিকদের মানববন্ধন

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুনামগঞ্জে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ, যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পরিবহন শ্রমিকরা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ১ ডিসেম্বর থেকে স্বেচ্ছায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের নতুন বাসস্টেশন এলাকায় সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি. নং চট্ট-২৬২২) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা-সমাবেশে এসব সমস্যা ও দাবি তুলে ধরা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাঁদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

শ্রমিক ইউনিয়নের চার দফা দাবি হলো - অনতিবিলম্বে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহণ, সব ধরনের যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন বন্ধ, বালু-পাথরের কোয়ারিগুলোতে সনাতন পদ্ধতিতে উত্তোলনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক, অনুমোদনহীন করিমন, নসিমন, ভটভটিসহ সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করা।

মানববন্ধন শেষে শ্রমিক ইউনিয়নের নেতারা জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমানের কাছে চার দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ১ ডিসেম্বর থেকে পণ্য পরিবহন শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করবেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের পরিস্থিতির অবনতি ঘটলে এর দায়ভার শ্রমিক ইউনিয়ন বহন করবে না বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝