Dhaka, Wednesday | 25 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 25 November 2026 | English
শিরোনাম:

বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়লেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো

সামুদ্রিক নিরাপত্তা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে দুই দেশের মধ্যে আলোচনা

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম  (ভিজিটর : ৯)

বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ সফর করেছেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো (Vice Admiral Sergio Liardo)। পাঁচ দিনের সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) তিনি বাংলাদেশ ত্যাগ করেন।

বুধবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট। সফরের অংশ হিসেবে গত ২২ নভেম্বর তিনি বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

সফরকালে ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরের তৃতীয় দিনে তিনি চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিভিন্ন অপারেশনাল সক্ষমতা ও বোট ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জোনের সার্বিক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন।

সফরকালে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং যৌথ মহড়া আয়োজনের বিষয়েও আলোচনা হয়। এ সময় ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি Maritime Domain Awareness (MDA), Aerospace Technology, Search and Rescue (SAR) এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং সামুদ্রিক নিরাপত্তা ও সামুদ্রিক অপরাধ দমনে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝