Dhaka, Wednesday | 25 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 25 November 2026 | English
শিরোনাম:

শকুন সংরক্ষণে সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী সেভের বার্ষিক সম্মেলন

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম  (ভিজিটর : ৩১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়ার শকুনদের বিলুপ্তির হাত থেকে রক্ষায় গঠিত আন্তর্জাতিক জোট ‘সেভিং এশিয়ান ভালচার্স ফ্রম এক্সটিংশন’ (SAVE)-এর দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন সুন্দরবনে শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে পূর্ব সুন্দরবনে এ সম্মেলন শুরু হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সম্মেলন শেষ হবে। এতে ৯টি দেশের ৪৫ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে রয়েছেন সংরক্ষণবিদ, বিজ্ঞানী, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা।

সুন্দরবনের অভ্যন্তরে বিলাসবহুল পর্যটকবাহী নৌযান ‘মালাঙ্গী’তে ২৫ ও ২৬ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ বন অধিদপ্তর সম্মেলনটির আয়োজন করেছে। সহযোগী হিসেবে রয়েছে আইইউসিএন বাংলাদেশ, স্কোপ (SCOPE) ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (RSPB) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এ ছাড়া সম্মেলন আয়োজনে সহায়তা করছে দ্য পেরেগ্রিন ফান্ড ও দ্য রাফোর্ড ফাউন্ডেশন।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংরক্ষণবিদ ইনাম আল হক। অধিবেশনে সভাপতিত্ব করেন SAVE-এর চেয়ার জেমিমা প্যারি-জোনস। স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, শকুন সংরক্ষণে বাংলাদেশ আঞ্চলিক পর্যায়ে নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৪ সালে দুটি ‘শকুন নিরাপদ এলাকা’ (Vulture Safe Zone) ঘোষণা, ২০১০ সালে পশুচিকিৎসায় ডাইক্লোফেনাক নিষিদ্ধকরণ এবং ২০২১ সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে পশুচিকিৎসায় কিটোপ্রোফেন নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশকে এ ক্ষেত্রে এগিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, এসব উদ্যোগের পাশাপাশি শকুনের জন্য সম্পূরক খাদ্যের ব্যবস্থা, সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, সুন্দরবনে এ সম্মেলনের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। বিশ্বের বৃহত্তম অখণ্ড ম্যানগ্রোভ বন সুন্দরবন মহাবিপন্ন প্রজাতির বাংলা শকুনের বাংলাদেশের অবশিষ্ট দুটি প্রজনন কলোনির একটির আবাসস্থল। একই সঙ্গে সুন্দরবন দেশের দ্বিতীয় শকুন নিরাপদ এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত।

প্রধান বন সংরক্ষক আরও বলেন, দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রতিনিধিরা এশিয়াজুড়ে শকুন সংরক্ষণের অগ্রগতি পর্যালোচনা করবেন, বৈজ্ঞানিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন এবং পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধের নিরাপত্তা, বিষক্রিয়া প্রতিরোধ, শকুনের সংখ্যা বৃদ্ধি ও আন্তসীমান্ত সংরক্ষণসহ বিভিন্ন চ্যালেঞ্জ ও অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন।

তিনি বলেন, শকুন প্রায়ই এক দেশের সীমানা অতিক্রম করে অন্য দেশে চলাচল করে। তাই এদের দীর্ঘমেয়াদি অস্তিত্ব নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। SAVE-এর বার্ষিক সম্মেলন-২০২৬ আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকার নির্ধারণ এবং এশিয়ার শকুনদের বিলুপ্তি রোধে সম্মিলিত উদ্যোগ ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝