ভালো মানুষ গড়ে তুলতে পারলে ভালো সমাজ ও ভালো রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসাকে পবিত্র কুরআন শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি খুলনার ঐতিহ্যবাহী একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ধারণ করে নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসা আয়োজিত পবিত্র কুরআনুল কারিমের সবক ও খতম এবং সমাপনী শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, ধর্মীয় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি নানা প্রতিকূলতা অতিক্রম করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলছে। এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং মহান সৃষ্টিকর্তার নির্দেশিত পথে সমাজ গঠনে তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদরাসার প্রতিষ্ঠাতা ও এর সম্প্রসারণে অবদান রাখা ব্যক্তিদের জন্য দোয়া করেন। মাদরাসাটির উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে নূরানী দ্বিতীয় শ্রেণির ৭০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনুল কারিমের সবক প্রদান করা হয় এবং তৃতীয় শ্রেণির ৭৩ জন শিক্ষার্থীর কুরআন খতম সম্পন্ন হয়। এ ছাড়া পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালে নূরানী তা'লিমুল কুরআন বোর্ড, ঢাকা-এর অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা, ক্যাডেট কেয়ার বৃত্তি পরীক্ষা, ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি, সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। এসব পুরস্কার ও সম্মাননা শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি হাফেজ আব্দুল্লাহ মোড়ল খোকনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিমের সবক প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি ও খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারি মুস্তাকিম বিল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি মো. মাহমুদ আলম বাবু মোড়ল, এম এ সবুর, মো. সিরাজুল ইসলাম ও শেখ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম আল আজাদ, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান এবং বর্তমান শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মো. আব্দুস সালাম ফারাজী প্রমুখ।
এফপি/মিব