তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ভারতে গিয়ে জীবনের ১৮টি বছর কারাগারে কাটাতে হয়েছে বাগেরহাটের মোংলার বাদল ফরাজিকে। কিশোর বয়সে আনন্দভ্রমণে ভারতে গিয়ে নামের মিলের কারণে জড়িয়ে পড়েন একটি হত্যা মামলায়। এরপর ভারতের কারাগারে ১০ বছর এবং বাংলাদেশের কারাগারে কেটে গেছে আরও আট বছর। যে বয়সে পড়াশোনা, স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার কথা, সেই সময়ের বড় একটি অংশ কেটেছে কারাগারের চার দেয়ালে।
দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবন শেষে চার সপ্তাহের প্যারোলে বাড়ি ফিরেছেন বাদল। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাগেরহাট জেলা কারাগার থেকে তাঁকে মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাড়িতে নেওয়া হয়। ১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ মা শেফালী বেগম। পরিবারের অন্য সদস্যরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে দীর্ঘ প্রতীক্ষার পর ছেলেকে কাছে পেলেও চার সপ্তাহ পর আবার তাঁকে হারানোর শঙ্কা কাটছে না পরিবারের। তাঁদের দাবি, সাময়িক নয়, বাদলের স্থায়ী মুক্তি নিশ্চিত করা হোক।
এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদল ফরাজিকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। পরে দুপুর সোয়া ২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যায় তাঁকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বাদলের মা শেফালী বেগম ছেলের স্থায়ী মুক্তির দাবি জানিয়ে বলেন, 'আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই, যেন আমার ছেলে সারা জীবন আমার সঙ্গে থাকতে পারে। সরকারের কাছে আমার এটাই আবেদন।'
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'আমার ছেলেটাকে এক মাসের জন্য প্যারোলে পেয়েছি। আমি চাই, তাকে স্থায়ীভাবে ফিরে পেতে। সে যেন আমার কোলে থাকতে পারে, আমি যেন তাকে মাথায় হাত বুলিয়ে রাখতে পারি। ওর বাবা মারা গেছেন। আমিও মৃত্যুর সঙ্গে লড়াই করছি। কখন মারা যাই, বলতে পারি না। ছেলেটার মুখ দেখে আমি মরতে চাই।'
বাদলের বড় বোন আকলিমা বেগম বলেন, দীর্ঘ ১৮ বছর পর ভাই বাড়ি ফিরছেন, কিন্তু তাঁরা কখনোই চাননি ভাই শুধু কয়েক দিনের জন্য বাড়িতে আসুন। তাঁদের প্রত্যাশা ছিল, বাদল স্থায়ীভাবে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরবেন।
তিনি বলেন, 'মা অসুস্থ থাকায় আমরা প্যারোলের জন্য আবেদন করেছিলাম। সে কারণে এক মাসের প্যারোল দেওয়া হয়েছে। মায়ের বয়স হয়েছে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাবা ছেলেকে না দেখেই মারা গেছেন। এখন মা-ও যদি ছেলেকে না দেখে চলে যান, তাহলে এই কষ্ট রাখার জায়গা থাকবে না।'
আকলিমা আরও বলেন, 'এত বছর ধরে চেষ্টা করেও ভাইকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পারিনি। এখন শেষ সময়ে এক মাসের জন্য মুক্তি পাচ্ছে, তাই বাধ্য হয়ে মেনে নিয়েছি। কিন্তু আমরা চাই, সরকার যেন আমার ভাইয়ের স্থায়ী মুক্তির ব্যবস্থা করে। সারা দেশের মানুষ জানে, আমার ভাই অপরাধী নয়, সে নির্দোষ।'
তাঁর অভিযোগ, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ থাকার পরও বাদলের মুক্তি মেলেনি। বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ভারতে সাজা ভোগের পর বাংলাদেশে ফেরত আসার সময় নিজের দেশ ও দেশের মানুষের কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করেছিলেন বাদল। ভারতের কারাগারে থাকাকালে তিনি পড়াশোনাও করেছেন। কিন্তু দেশে ফেরার পর তাঁর সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং বন্দিজীবনের মেয়াদ আরও দীর্ঘ হয়েছে।
আকলিমা বলেন, '৫ আগস্ট অনেক বন্দী মুক্তি পাওয়ার পর আমরা আশাবাদী হয়েছিলাম, এবার হয়তো আমার ভাইও ফিরবে। কিন্তু তা হয়নি। সে কারাগারেই থেকে গেছে। এখন এক মাসের জন্য বাড়ি আসছে, এরপর আবার চলে যাবে। আমরা চাই, সে স্থায়ীভাবে আমাদের কাছে ফিরে আসুক।'
বাদলের শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান মোংলা সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার মো. জিয়াদ হোসেনও তাঁর মুক্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, বাদল এই প্রতিষ্ঠানের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিতেন। তাঁর আচরণ ছিল ভদ্র ও মার্জিত।
প্রধান শিক্ষক বলেন, 'আমার জানামতে, সে কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল না। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই তার বাড়ি হওয়ায় তাকে আমি ভালোভাবে চিনতাম। তার মধ্যে কখনো খারাপ কোনো উদ্দেশ্য বা আচরণ দেখিনি।'
তিনি আরও বলেন, 'ভারতে তাজমহল দেখতে গিয়ে সে এমন একটি মামলায় জড়িয়ে পড়েছে, বিষয়টি খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। আমার দৃষ্টিতে বাদল এ ধরনের ছেলে ছিল না। আমি চাই, সে মুক্তি পাক এবং মায়ের কাছে ফিরে যাক। তার বাবা মারা গেছেন, মা-ও খুব অসুস্থ। সে যেন সঠিক ও ন্যায্য বিচার পায়।'
এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় কাশিমপুর কারাগারে আটক দুই বন্দী সাহেদুল আফজাল ও বাদল ফরাজিকে গাজীপুরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছেন। তাঁরা বাগেরহাটের বাসিন্দা হওয়ায় মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাগেরহাট জেলা কারাগারে পৌঁছান। প্যারোলের শর্ত অনুযায়ী তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা প্যারোলের সব শর্ত মেনে নির্ধারিত সময় অতিবাহিত করবেন।
যেভাবে শুরু বাদলের বন্দিজীবন
২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ট্যুরিস্ট ভিসায় তাজমহল দেখতে ভারতে যান বাদল ফরাজি। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের পর দিল্লিতে একটি হত্যা মামলায় তাঁকে আটক করা হয়। পরিবারের দাবি, ওই মামলার পলাতক আসামি বাদল সিংয়ের নামের সঙ্গে তাঁর নামের মিল থাকায় ভুলবশত তাঁকে মামলায় জড়ানো হয়। পরে ভারতের আদালত ওই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তবে দেশে ফিরেও মুক্তি মেলেনি তাঁর। এরপর থেকে বাংলাদেশের কারাগারেই বন্দী রয়েছেন তিনি। সব মিলিয়ে ১৮ বছর ধরে কারাগারে কাটছে তাঁর জীবন।
তাজমহল দেখার স্বপ্ন নিয়ে যে কিশোর ভারতে গিয়েছিলেন, ১৮ বছর পরও তাঁর জীবনে মুক্তির স্বপ্ন অধরা। আপাতত চার সপ্তাহের জন্য মায়ের কোলে ফেরার সুযোগ পেয়েছেন বাদল। তবে তাঁর পরিবারের প্রত্যাশা, এই সাময়িক মুক্তি যেন স্থায়ী মুক্তির পথ তৈরি করে।
এফপি/মিব