চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা এখনো কাটেনি। আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মতবিনিময় সভা করেন। সভা শেষে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’ এবং ‘মানি না, মানব না, শরীফুল মানি না’। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বুধবার সকালে স্থাপত্য বিভাগের ভবনের সামনে তারা আবারও সমবেত হবেন। সেখানে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও করণীয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি এবং অচলাবস্থা নিরসনে বুধবার জরুরি সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের আলোচনার বিষয়গুলো সমিতির সদস্যদের অবহিত করা হবে। একই সঙ্গে বর্তমান সংকট থেকে উত্তরণের সম্ভাব্য পথ ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদের সঙ্গে শিক্ষক সমিতির প্রতিনিধিদলের মতবিনিময়ে যেসব বিষয় উঠে এসেছে, সেগুলো সদস্যদের জানানো এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যেই জরুরি এ সভা ডাকা হয়েছে। সভায় সমিতির সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকা এবং শিক্ষক সমিতির জরুরি বৈঠককে ঘিরে চুয়েটের চলমান সংকট নিরসনে নতুন কোনো অগ্রগতি আসে কি না, সেদিকেই এখন নজর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের।
এফপি/অ