কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে হোয়াইক্যংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)।
এসআরবি কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে ডব্লিউএফপির কার্যালয়ের কাঁটাতারের বেড়াসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাতি ও অপহরণ কর্মকাণ্ডে জড়িত। পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারী এবং কৃষিকাজে যাওয়া ব্যক্তিদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এসব অপরাধে কয়েকজন রোহিঙ্গার সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।
এসআরবি জানিয়েছে, আটক তিনজন এবং তাঁদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/মিব