মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পানি শোধনাগার দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। নির্মাণকাজ শেষ হয়েছে তিন বছরেরও বেশি সময় আগে। পরীক্ষামূলকভাবে পানি শোধনের কার্যক্রমও চালানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা, নির্মাণকাজের ত্রুটি, সংস্কার ও হস্তান্তর নিয়ে জটিলতায় এখনো চালু হয়নি গুরুত্বপূর্ণ এ প্রকল্প। ফলে একদিকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার অবকাঠামো, অন্যদিকে বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।
প্রকল্প সূত্রে জানা গেছে, ‘৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের’ আওতায় ২০১৮ সালের ১১ এপ্রিল মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় পানি শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ কাজের দায়িত্ব পায় ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির জন্য বরাদ্দ নির্ধারণ করা হয় ১০ কোটি ২৬ লাখ ৯০ হাজার ২৩৭ টাকা।
২০১৯ সালের মে মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করে প্রকল্পটি হস্তান্তরের কথা ছিল। তবে জমিসংক্রান্ত জটিলতা, পাইপের মান নিয়ে প্রশ্নসহ বিভিন্ন কারণে কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। তিন দফা মেয়াদ বৃদ্ধির পর অবশেষে ২০২৩ সালের জুলাই মাসে নির্মাণকাজ শেষ হয়। একই বছরের আগস্ট থেকে পরবর্তী তিন মাস পরীক্ষামূলকভাবে পানি শোধনের কার্যক্রম চালানো হয়। কিন্তু এরপর আর নিয়মিতভাবে চালু হয়নি শোধনাগারটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, প্রায় ৩ হাজার ৩০০ বর্গফুট জায়গাজুড়ে নির্মিত শোধনাগারটির কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় বিভিন্ন স্থানে শেওলা ও ময়লা জমেছে। কোথাও কোথাও পানিতে শেওলার আস্তরণ পড়েছে। জমে থাকা পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনাটি এখন কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
শোধনাগারের দেখভালের দায়িত্বে থাকা পাহারাদার অনিল বর্মণ জানান, পৌর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শোধনাগারটির দায়িত্ব বুঝে নেয়নি। এ কারণে দীর্ঘদিন ধরে এটি এভাবে পড়ে রয়েছে।
প্রকল্পের মূল পরিকল্পনা অনুযায়ী, পাশের ধলেশ্বরী নদী থেকে পানি উত্তোলন করে শোধনাগারের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজার লিটার পানি পরিশোধনের কথা। পরিশোধিত পানি সরবরাহ করা হবে মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ও দূষণের কারণে নদীর পানি দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। অন্যদিকে পৌরসভার অনেক এলাকায় টিউবওয়েলেও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিশুদ্ধ পানির সংকট নিরসনে শোধনাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও এটি চালু না হওয়ায় তাঁদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
হাটলক্ষ্মীগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ নাবিল ক্ষোভ প্রকাশ করে বলেন, এত টাকা খরচ করে একটি প্রকল্প নির্মাণ করা হয়েছে, অথচ সাধারণ মানুষ এর কোনো সুবিধাই পাচ্ছে না। দ্রুত এটি চালু করা না হলে সরকারি অর্থের অপচয় আরও বাড়বে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তৌহিদুল ইসলাম বলেন, গত জানুয়ারি মাসে সাবেক উপদেষ্টাসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের সচিব ও প্রকল্প পরিচালক শোধনাগারটি পরিদর্শন করেন। এ সময় প্রকল্পটি হস্তান্তরের উপযোগী কি না, তা যাচাই করা হয়।
তিনি বলেন, পরিদর্শনকালে উপদেষ্টা ও সচিব নির্মাণকাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অবকাঠামোর বিভিন্ন স্থানে প্লাস্টার খসে পড়া, রঙের সমস্যা, মেঝে ভেঙে যাওয়া এবং শেওলা জমে থাকার বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় মেরামতের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি শুষ্ক মৌসুমে নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কায় পৌরসভার পক্ষ থেকে দুটি উৎপাদক নলকূপ নির্মাণের চাহিদা জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত একটি নলকূপ নির্মাণ করা হয়েছে। পরিদর্শনের সময় যেসব সংস্কারকাজের নির্দেশনা দেওয়া হয়েছিল, সেগুলোও এখনো সম্পন্ন হয়নি।
তৌহিদুল ইসলাম আরও বলেন, এসব সমস্যা উল্লেখ করে পৌরসভার পক্ষ থেকে একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি।
তবে পৌরসভার এসব অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে প্রকল্পটির বিষয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছিল। প্রথম কমিটির চিহ্নিত ত্রুটিগুলো সংশোধন করে দেওয়া হয়েছে। পরবর্তী কমিটি শুষ্ক মৌসুমে নদীর পানি ব্যবহার উপযোগী না হওয়ায় নলকূপ নির্মাণের সুপারিশ করে। সেই অনুযায়ী একটি নলকূপও নির্মাণ করে দেওয়া হয়েছে। বর্তমানে শোধনাগারটি হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। পৌরসভা দায়িত্ব বুঝে নিতে চাইলে তা হস্তান্তর করা হবে।
শোধনাগারের পানির মান নিয়ে স্থানীয়দের অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের পরিশোধিত পানি অনেকের কাছে নতুন অভিজ্ঞতা হওয়ায় তাঁরা বিষয়টি সহজে বুঝতে পারছেন না। তবে এ পানির চাহিদা রয়েছে। শোধনাগারটি চালু হলে পুরো পৌরসভার পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এদিকে প্রকল্পটি চালু না হওয়ায় একদিকে সরকারি অর্থে নির্মিত অবকাঠামো অব্যবহৃত থেকে নষ্ট হচ্ছে, অন্যদিকে বিশুদ্ধ পানির প্রত্যাশায় থাকা পৌরবাসীর দুর্ভোগ বাড়ছে। প্রকল্পের ত্রুটি সংশোধন, সংস্কারকাজ এবং হস্তান্তর নিয়ে সংশ্লিষ্ট দুই দপ্তরের পাল্টাপাল্টি বক্তব্যে জটিলতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
মুন্সীগঞ্জের সচেতন নাগরিকদের দাবি, দোষারোপ ও দাপ্তরিক দীর্ঘসূত্রতা বন্ধ করে দ্রুত প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্ন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং হস্তান্তর প্রক্রিয়া শেষ করে শোধনাগারটি চালু করা হোক। তাঁদের প্রশ্ন, প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি জনকল্যাণমূলক প্রকল্পের সুফল পেতে পৌরবাসীকে আর কত দিন অপেক্ষা করতে হবে?
এফপি/মিব